পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পা রেখেছেন মুহাম্মদ জিশান আলী। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি মহাকাশে যাত্রা করেন। এই অভিযানের মধ্য দিয়ে চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশের পথ খুলল।
জিশানের এই যাত্রা শুধু পাকিস্তানের জন্য নয়, দক্ষিণ এশিয়ার মহাকাশযাত্রার ইতিহাসেও একটি বড় মোড়। ১৯৮৪ সালে ভারত প্রথম নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল। দীর্ঘ ৪২ বছর পর পাকিস্তান সেই ক্লাবে যুক্ত হলো। জিশানের সঙ্গী হিসেবে রয়েছেন চীনের দুই নভোচারী থাং হংবো ও উ ই।
জিশান আলী কে?
৪০ বছর বয়সী জিশান পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট। সুপারসনিক যুদ্ধবিমান চালানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে শুধু বিমান ওড়ানোর অভিজ্ঞতায় মহাকাশে যাওয়া যায় না। তাঁকে পেরোতে হয়েছে কঠিন সব ধাপ।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন) ২০১৯ সাল থেকে নভোচারী পাঠানোর পরিকল্পনা শুরু করে। সংস্থাটি সম্ভাব্য নভোচারীদের তালিকায় পাইলট ও বিজ্ঞানীদের রাখে। নির্বাচকেরা প্রার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং উৎক্ষেপণের সময় শরীরের ওপর যে কয়েক গুণ বেশি বল কাজ করে তা সহ্য করার সক্ষমতা যাচাই করেন।
সুপারকোর কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের পরিচালক উজায়ের আনসারির মতে, উচ্চগতিতে বিমান চালানোর অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা এ ক্ষেত্রে এগিয়ে থাকেন। বিজ্ঞানীদের মধ্যে এমন অভিজ্ঞতাসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বাছাইয়ের শেষ পর্যায়ে থাকা প্রায় ২০ প্রার্থীর মধ্য থেকে সুপারকো দুজনকে বেছে নেয়, জিশান আলী ও খুররম দাউদ। দুজনই পাকিস্তান বিমানবাহিনীর পাইলট। সাত মাস ধরে চীনে পাশাপাশি প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। তবে মহাকাশযানে পাকিস্তানের জন্য আসন বরাদ্দ ছিল মাত্র একটি। শেষ পর্যন্ত সেই আসনে বসার সুযোগ পেয়েছেন জিশান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁদের দুজনের মধ্যে যিনিই মহাকাশে যান না কেন, এই ইতিহাস তাঁরা একসঙ্গেই গড়েছেন।
চীনের ভাষা শেখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ
চীনে প্রশিক্ষণ নিতে গিয়ে জিশানকে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে চীনা ভাষা শিখতে। মহাকাশযানের জটিল প্রযুক্তি বা ভরশূন্য পরিবেশে চলাফেরা নয়, বরং ভাষাই ছিল তাঁর প্রধান বাধা।
মহাকাশযানের সুইচের নির্দেশনা থেকে শুরু করে সফটওয়্যার, কম্পিউটার প্রোগ্রাম ও স্বয়ংক্রিয় ঘোষণা সবই চীনা ভাষায়। ফলে শুধু দৈনন্দিন কথাবার্তার ভাষা শিখেই হয়নি, জিশানকে আয়ত্ত করতে হয়েছে মহাকাশবিজ্ঞানের জটিল পরিভাষাও। জরুরি পরিস্থিতিতে সহযাত্রীদের নির্দেশনা বুঝতে কয়েক সেকেন্ডের বিলম্বও বিপদ ডেকে আনতে পারে। তাই প্রশিক্ষকেরা তাঁর ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন।
বেইজিংয়ে অবস্থানকালে জিশান চীনা গান শিখেছেন, পড়েছেন কবিতা, চর্চা করেছেন ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি এবং খেলেছেন টেবিল টেনিসও।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিশান চীনের প্রাচীন কবি ওয়াং ঝিহুয়ানের একটি কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করেন, যার মর্মার্থ: আরও দূর পর্যন্ত দেখতে হলে আরও এক ধাপ ওপরে উঠতে হবে। চীনা ভাষাতেই কথাগুলো বলেন তিনি।
তিয়ানগংয়ে জিশানের কাজ কী?
চীনের নভোচারীরা সাধারণত একেক দফায় প্রায় ছয় মাস করে তিয়ানগংয়ে থাকেন। তবে জিশানের মহাকাশে থাকার মেয়াদ হবে ৭ থেকে ১০ দিন। তাঁর দায়িত্বও অন্য দুই নভোচারীর চেয়ে আলাদা। তিনি মহাকাশযান পরিচালনার দায়িত্বে থাকবেন না; যাবেন 'পেলোড স্পেশালিস্ট' বা বৈজ্ঞানিক গবেষণার বিশেষজ্ঞ হিসেবে।
চীনের মহাকাশ গবেষণা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তিয়ানগংয়ে জিশান মূলত চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম স্থাপন করবেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে জৈবপ্রযুক্তি, বস্তুবিজ্ঞান ও সালোকসংশ্লেষণে সক্ষম অণুজীব।
বিশেষ করে পাকিস্তানের ঐতিহ্যবাহী বাসমতী চাল ও গমের বীজ নিয়ে যাচ্ছেন জিশান। মহাশূন্যের চরম তেজস্ক্রিয়তা ও ভরশূন্য পরিবেশে এই খাদ্যশস্যের কী ধরনের জিনগত পরিবর্তন ঘটে, তা পরীক্ষা করাই এর উদ্দেশ্য; যা ভবিষ্যতে জলবায়ু সহনশীল শস্য উদ্ভাবনে সাহায্য করবে।
আল-জাজিরাকে সুপারকো জানিয়েছে, গবেষণাগুলো শেষ হতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। জিশান সেগুলোর প্রাথমিক কাজ করে আসবেন; অর্থাৎ তিনি পৃথিবীতে ফেরার পরও মহাকাশে চলবে পাকিস্তানের গবেষণা।
জিশানের এই যাত্রায় আরেকটি বিশেষত্ব রয়েছে। যে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিনি মহাকাশে গেলেন, সেটিতে চড়ে ফিরবেন না। তিনি ফিরবেন গত মে মাস থেকে তিয়ানগংয়ে থাকা শেনঝৌ-২৩ মহাকাশযানে।
কেন চীন বেছে নিল পাকিস্তানকে?
যে চীন একসময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) জায়গা পায়নি, সেই দেশটিই এখন নিজের মহাকাশ স্টেশনে অন্য দেশের নভোচারীদের আমন্ত্রণ জানাচ্ছে। আর এই যাত্রায় প্রথমেই বেছে নিয়েছে পাকিস্তানকে।
চলতি বছর চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময়ে দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা। পাকিস্তানের অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে বড় বিনিয়োগ করেছে চীন; দেশটির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও বেইজিং। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) দুই দেশের সম্পর্ককে আরও নিবিড় করেছে।
অনেকেই ভুলে যান, ১৯৬১ সালে নোবেলজয়ী বিজ্ঞানী ড. আবদুস সালামের উদ্যোগে নাসার কারিগরি সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬২ সালে পাকিস্তান যখন প্রথম রকেট 'রেহবার-১' উৎক্ষেপণ করে, তখন এ খাতে পাকিস্তান চীন বা ভারতের চেয়েও এগিয়ে ছিল। কিন্তু পরবর্তী কয়েক দশকে সেই অগ্রযাত্রা থমকে যায়। চীনের সঙ্গে নতুন এই অংশীদারত্ব যেন পাকিস্তানের সেই হারানো গৌরব পুনরুদ্ধারের সুযোগ।
মহাকাশে দুই দেশের সক্রিয় সহযোগিতার ইতিহাসও কয়েক দশকের পুরোনো। ১৯৯০ সালে চীনের সহায়তায় পাকিস্তান প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ বদর-১ মহাকাশে পাঠায়। এরপর চীন পাকিস্তানের একাধিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ২০২৪ সালের ৩ মে চীন নিজেদের চাংই-৬ মহাকাশ অভিযানে পাঠায় পাকিস্তানের ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ আইকিউব-কামার। চাঁদের কক্ষপথ থেকে ছবি তোলার জন্য পাকিস্তানি বিজ্ঞানীরা উপগ্রহটি তৈরি করেন।
এখানেই শেষ নয়, ২০২৮ সাল নাগাদ চীনের চাংই-৮ চন্দ্রাভিযানে পাকিস্তান নিজেদের তৈরি একটি রোভারও পাঠানোর পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে দুই দেশ পাকিস্তানি নভোচারী নির্বাচন, প্রশিক্ষণ ও মহাকাশে পাঠানো নিয়ে একটি চুক্তি সই করে।
পাকিস্তানের কাছে এই সহযোগিতার বিশেষ গুরুত্ব রয়েছে। নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠানোর সক্ষমতা অর্জন অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। চীনের সহায়তায় সেই সক্ষমতা অর্জনের আগেই মানববাহী মহাকাশ অভিযানে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে ইসলামাবাদ।
অন্যদিকে পাকিস্তানকে এই সুযোগ দেওয়ার মধ্য দিয়ে চীনও বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মহাকাশ গবেষণায় সহযোগিতার জন্য পশ্চিমাদের বাইরেও একটি শক্তিশালী বিকল্প রয়েছে।
পশ্চিমাদের বিকল্প হিসেবে চীনের কৌশল
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কখনো নভোচারী পাঠাতে পারেনি চীন। ২০১১ সালে যুক্তরাষ্ট্র একটি আইনি বিধিনিষেধ আরোপ করে, যার কারণে চীনের সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সরাসরি সহযোগিতার পথ বন্ধ হয়ে যায়।
এরপর চীন নিজেদের মহাকাশ স্টেশন তৈরির পথে হাঁটে। ২০২২ সালের শেষ দিকে পুরোপুরি কার্যক্রম শুরু করে তিয়ানগং, চীনা ভাষায় যার অর্থ 'স্বর্গীয় প্রাসাদ'। এখন সেই প্রাসাদকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার একটি কেন্দ্রে পরিণত করার সুযোগ হিসেবে দেখছে বেইজিং।
এর পেছনে সময়ের হিসাবটিও গুরুত্বপূর্ণ। নাসা ২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম চালিয়ে বাণিজ্যিক মহাকাশ স্টেশননির্ভর ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। এই পরিবর্তনের সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে গেলে তিয়ানগংই হবে পৃথিবীর একমাত্র সচল মহাকাশ স্টেশন। ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর কাছে তিয়ানগংকে মহাকাশ বিজ্ঞানের প্রধান কেন্দ্র হিসেবে তুলে ধরার মোক্ষম সুযোগ পাচ্ছে বেইজিং।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের কর্মকর্তা ভিক্টোরিয়া স্যামসন রয়টার্সকে বলেন, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চীন দীর্ঘদিন ধরে মহাকাশকে কাজে লাগাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য কৃত্রিম উপগ্রহ তৈরি, উৎক্ষেপণ কিংবা পর্যবেক্ষণকেন্দ্র নির্মাণে সহযোগিতা করেছে দেশটি। জিশানের এই মহাকাশযাত্রা সেই কূটনীতিরই নতুন সংযোজন।
হংকংভিত্তিক মহাকাশ খাতের পরামর্শক ব্লেইন কারসিওর মতে, এই অভিযানের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মর্যাদার পাশাপশি বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পাবে। আর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।
জিশানের আগে নামিরা সেলিমের যাত্রা
পাকিস্তানের নাগরিক হিসেবে জিশানের আগেও একজন মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন, নামিরা সেলিম। ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের একটি বাণিজ্যিক মহাকাশযানে চড়ে তিনি মহাকাশের প্রান্তসীমা ঘুরে আসেন। তবে নামিরার সেই যাত্রা ছিল সাব-অরবিটাল। তিনি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেননি বা অবস্থানও করেননি।
জিশানের অভিযান সেদিক থেকে গুণগতভাবেই আলাদা। তিনি ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন, থাকবেন আধুনিক মহাকাশ স্টেশনে এবং সরাসরি অংশ নেবেন জটিল বৈজ্ঞানিক গবেষণায়।
জিশান অবশ্য এই অভিযানেই থেমে থাকার কথা ভাবছেন না। ভবিষ্যতে চীনের সঙ্গে আরও যৌথ মহাকাশ অভিযান, এমনকি চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযানেও পাকিস্তানের অংশগ্রহণ দেখতে চান তিনি। যদিও পাকিস্তানি নভোচারীকে চাঁদে পাঠানোর বিষয়ে চীন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি।
শিশুদের আকাশের দিকে তাকানোর আহ্বান
আপাতত জিশান মহাকাশে গেছেন। এখন নিশ্চয় ছোট হয়ে এসেছে তাঁর চেনা গ্রহ পৃথিবী। পেছনে পড়ে আছে জন্মভূমি ও স্বজনেরা; আর সঙ্গে আছে বাবা ও সন্তানদের হাতে লেখা চিঠি।
মহাকাশে থাকার সময় পাকিস্তানের শিশুরা যেন আকাশের দিকে তাকায়, সেই আহ্বান জানিয়েছেন জিশান। তিনি চান, শিশুরা তাঁকে ঘিরে শুধু একটি দেশের অর্জন নয়, নিজেদের ভবিষ্যতের সম্ভাবনাও দেখুক।
জিশানের কাছে এই অভিযান আজন্মলালিত স্বপ্নপূরণ, পাকিস্তানের জন্য মহাকাশ গবেষণার নতুন অধ্যায়ের সূচনা, আর চীনের জন্য নিজস্ব মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক সহযোগিতার দুয়ার খুলে দেওয়ার প্রথম পদক্ষেপ।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
জিশান আলী কত দিন মহাকাশে থাকবেন?
জিশান আলী তিয়ানগং মহাকাশ স্টেশনে ৭ থেকে ১০ দিন থাকবেন। চীনের নভোচারীরা সাধারণত ছয় মাস করে থাকেন, তবে জিশানের ক্ষেত্রে মেয়াদ কম।
জিশান আলীর মহাকাশযাত্রা কখন শুরু হয়?
গত বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানে করে জিশান আলী মহাকাশে যাত্রা করেন।
পাকিস্তানের আগে দক্ষিণ এশিয়ার কোন দেশ মহাকাশে নাগরিক পাঠিয়েছিল?
১৯৮৪ সালে ভারত প্রথম নাগরিককে মহাকাশে পাঠায়। ৪২ বছর পর পাকিস্তান সেই ক্লাবে যুক্ত হলো।
তিয়ানগং মহাকাশ স্টেশনে জিশানের মূল কাজ কী?
জিশান 'পেলোড স্পেশালিস্ট' হিসেবে চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম স্থাপন করবেন এবং জৈবপ্রযুক্তি, বস্তুবিজ্ঞান ও সালোকসংশ্লেষণে সক্ষম অণুজীব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। তিনি বাসমতী চাল ও গমের বীজও নিয়ে গেছেন।
